পাবনায় ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
পাবনায় ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামে রোববার সকালে পূর্ব বিরোধের জের ধরে ২৬ বছর বয়সী এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার হান্ডিয়াল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
নিহত হাফিজুর রহমান (২৬) হাসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে এবং স্থানীয় খৈইল ভূষির ব্যবসায়ী ছিলেন।
ঘটনার পর এলাকাবাসী বাঘলবাড়ী গ্রামের ইসামুদ্দিন ফকিরের ছেলে অভিযুক্ত রমজান আলী ফকির (৩৮)কে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল ৯টার দিকে হাফিজুর রহমান স্থানীয় একটি স্লুইস গেটের কাছে একটি চায়ের স্টলে বসে ছিলেন। এ সময় রমজান আলী হাফিজকে স্লুইস গেটের পাশে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে সঁটকে পড়েন। স্থানীরা আশঙ্কাজনক অবস্থায় হাফিজকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে স্থানীয় বাসিন্দা ও বিক্ষুব্ধ জনতা এলাকা ঘেরাও করে অভিযুক্ত রমজান আলীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং অভিযুক্তকে আটক করে।তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত কওে দেখা হচ্ছে।পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।