রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফাইল ফটো
দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে রাজশাহী সেজেছে নতুন সাজে। নেতাদের ব্যানার-ফেস্টুন ও তোরণে ভরে গেছে পুরো শহর। কর্ণফুলী টানেল এবং নৌকার আদলে সাজানো হয়েছে মঞ্চ। এই জনসভা থেকে আগামী নির্বাচনের জন্য ভোট চাইবেন প্রধানমন্ত্রী।
রোববার (২৯ জানুয়ারি) রাজশাহীর মাদরাসা মাঠের জনসভায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্য দেবেন। আর আগে শনিবার বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জনসভা মঞ্চ ও মাঠ পরিদর্শন করেন।
জনসভা সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার সকালে প্রধানমন্ত্রী রাজশাহী জেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন। বিকেলে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এখানে প্রধানমন্ত্রী রাজশাহীর ৩২ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।