শহীদ চান্দু স্টেডিয়াম, দায়িত্ব নিচ্ছে বিসিবি
ফাইল ছবি
জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার অভিযোগে বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু বাতিল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে আন্দোলন করেছিল বগুড়ার ক্রিকেটপ্রেমীরা। অবশেষে মাঠটি পুনরায় বুঝে নিতে যাচ্ছে বিসিবি।
শনিবার দুপুরে বিসিবির কয়েকজন পরিচালক, বগুড়া ৬ আসনের সংসদ সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ নীতিনির্ধারকরা বৈঠকে বসেছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল আবার বগুড়া স্টেডিয়ামের দায়িত্ব বুঝে নিবে বিসিবি।
বৈঠক শেষে বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘শহিদ চান্দু স্টেডিয়াম ওভাবেই থাকছে এবং বিসিবি টেক ওভার করছে। আগামীকাল থেকে কার্যক্রম শুরু হবে। আমাদের অধীনে এনে এটাকে পরিচর্যা করতে হবে আগে। এরপর খেলা কি হবে কার খেলা হবে এসব গ্রাউন্ডস কমিটি ঠিক করবে।’
গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম আশ্বাস দিয়েছেন, বগুড়ায় আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আইসিসির কাছে আবেদন করবেন তারা।
মাহবুব আনাম বলেন, ‘অবকাঠামোর মধ্যে ড্রেসিংরুম ছাড়াও অন্যান্য, ইন্ডোর সুবিধাগুলো ঠিক করতে পারি যেন আন্তর্জাতিক ম্যাচ আবারও আয়োজন করা যায়। আইসিসির কাছে এ জন্য অনুমোদন নিতে হবে পুনরায়। ভ্রমণের যে ব্যাপারটা জটিলতা সেটা নিয়ে আলোচনা হয়েছে। সেটা সমাধান করতে পারলে সম্ভব।’
বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য বড় বাঁধা এয়ারপোর্ট। তবে সেই সমস্যা সমাধানে আলোচনা চলছে বলে জানিয়েছেন বগুড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান মিলন।
মিলন বলেন, ‘আমি ক্রিকেট বোর্ডের একজন কাউন্সিলর। বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আমাদের আলাপ আলোচনা হয়েছে। সকল সমস্যা সমাধান করে ইনশাআল্লাহ আন্তর্জাতিক ম্যাচ ফেরাব। এয়ারপোর্ট বলেন, বা অন্য সমস্যা সবকিছু সমাধানের লক্ষ্য চলে গেছে। আমাদের জেলা প্রশাসক সব ব্যাপারেই পদক্ষেপ নিয়েছেন। অচিরেই আপনারা ভালো কিছু দেখতে পারবেন।’