যুক্তরাষ্ট্রে শিখ নেতাকে হত্যার চেষ্টা, ভারতকে নিয়ে প্রশ্ন

যুক্তরাষ্ট্রে শিখ নেতাকে হত্যার চেষ্টা, ভারতকে নিয়ে প্রশ্ন

যুক্তরাষ্ট্রে শিখ নেতাকে হত্যার চেষ্টা, ভারতকে নিয়ে প্রশ্ন

এক খালিস্তানি নেতাকে আমেরিকায় হত্যা করার চেষ্টা বানচাল করেছে যুক্তরাষ্ট্র। সেখানেও ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।ক্যানাডার পর এবার আমেরিকা। ক্যানাডায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ ছিল, খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যার সাথে ভারত যুক্ত ছিল বলে তাদের কাছে তথ্য-প্রমাণ আছে।

সম্প্রতি যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমস খবর করে যে আমেরিকায় খালিস্তানপন্থি নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে হত্যার চেষ্টা হয়েছিল। মার্কিন কর্মকর্তারা তা হতে দেননি। এর সাথেও ভারত জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।মার্কিন তদন্তকারীরা সিলবন্ধ খামে এই বিষয়ে রিপোর্ট দিয়েছেন। তবে সেই রিপোর্ট জনসমক্ষে আনা হবে কিনা তা নিয়ে চিন্তাভাবনা চলছে।

হোয়াইট হাউসের বক্তব্য
হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র ওয়াটসন জানিয়েছেন, ‘আমরা এই বিষয়টির উপর খুবই গুরুত্ব দিচ্ছি। মার্কিন সরকার ভারতের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি তুলেছিল। যখন বিষয়টি তোলা হয়, তখন ভারতীয় প্রতিনিধিরা আশ্চর্য হয়ে যান। তারা বারবার বলেন, ভারত কখনোই এই ধরনের নীতি নিয়ে চলে না।’হোয়াইট হাউসের আশা, ‘আগামী দিনে ভারত এই বিষয়ে আরো কথা বলবে এবং বিষয়টির তদন্ত করবে।’

এই বিষয়ে মিডিয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচীর কাছে জানতে চেয়েছিল। অরিন্দম বাগচী জানিয়েছেন, ‘ভারত-মার্কিন সুরক্ষা সহযোগিতা নিয়ে সাম্প্রতিক আলোচনায় আমেরিকার তরফ থেকে কিছু সংগঠিত অপরাধী, বন্দুকবাজ, উগ্রবাদী ও অন্যদের সম্পর্কে তথ্য শেয়ার করা হয়। দু’দেশের কাছেই এই তথ্য চিন্তার বিষয়। দু’দেশই বিষয়টি নিয়ে ফলোআপ করবে বলে ঠিক হয়েছে।’পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো জানিয়েছেন, ‘ভারত এই তথ্যগুলোকে খুবই গুরুত্ব দিচ্ছে, কারণ, তা আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাও ক্ষুণ্ণ করছে। বিভিন্ন বিভাগ এই তথ্যগুলো খতিয়ে দেখছে।’

কে এই পান্নুন?
পান্নুন হলেন আমেরিকার মধ্য চল্লিশের এক শিখ নেতা। তিনি ‘জাস্টিস ফর শিখ’ বলে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা।গত মাসে তিনি একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে শিখদের এয়ার ইন্ডিয়ার বিমানে চড়তে মানা করা হয়। বলা হয়, এয়ার ইন্ডিয়ার বিমানে চড়লে জীবন সংশয় হতে পারে।

এই হুমকির পর ১৯৮৫ সালে শিখ সন্ত্রাসবাদীদের এয়ার ইন্ডিয়ার বিমান ছিনতাই ও ৩২৯ জন যাত্রী ও বিমানকর্মীর মৃত্যুর স্মৃতি আবার মানুষের মনে ফিরে এসেছে। ভারতের তদন্তকারী সংস্থা এনআইএ এরপর পান্নুমের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে।

ফিনান্সিয়াল টাইমসকে পান্নুন জানিয়েছেন, আমেরিকার মাটিতে, আমেরিকার নাগরিকের বিরুদ্ধে এই ঘটনা তো মার্কিন সার্বভৌমত্বের কাছে একটা চ্যালেঞ্জ। বাইডেন প্রশাসনের উপর তার পূর্ণ আস্থা আছে। তারা এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে বলে তিনি মনে করেন।

সূত্র : ডয়চে ভেলে