১২০ কোটি টাকায় নির্মিত হবে জিয়া হল: নাসিক প্রশাসক
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ১২০ কোটি টাকা ব্যয়ে ১১ তলাবিশিষ্ট শহীদ জিয়া হল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চাষাঢ়ায় শহীদ জিয়া হল পুনর্নির্মাণের লক্ষ্যে মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ভবনটির দুই তলা থাকবে মাটির নিচে। সেখানে প্রায় ৫০০ গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। পাশাপাশি নাট্যশালা, লাইব্রেরি, কমিউনিটি সেন্টার ও প্রশিক্ষণকেন্দ্রসহ সাংস্কৃতিক কেন্দ্রের বিভিন্ন সুবিধা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম।
সাখাওয়াত হোসেন খান বলেন, এটি হবে ১১ তলা। দুই তলা হবে মাটির নিচে। সেখানে প্রায় ৫০০ গাড়ি রাখার ব্যবস্থা ও পার্কিং থাকবে। পরবর্তী ধাপে একটি সাংস্কৃতিক কেন্দ্রে যেসব সুবিধা থাকা দরকার নাট্যশালা, লাইব্রেরি, কমিউনিটি সেন্টারসহ সব ধরনের সুবিধা এখানে থাকবে। প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে।
তিনি বলেন, আমি মনে করি, এটি নারায়ণগঞ্জের একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এখান থেকে নারায়ণগঞ্জের মানুষ বাংলাদেশসহ সারা পৃথিবীতে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার সুযোগ পাবে। বাজেট ১২০ কোটি টাকা, পুরোটাই জাইকার অর্থায়ন।
জিয়া হলের আগের অবস্থা নিয়ে বিগত সরকারের সমালোচনা করে সাখাওয়াত হোসেন খান অভিযোগ করেন, গত ফ্যাসিস্ট সরকার এটাকে ভেঙে ফেলে এখানে দখল করার পাঁয়তারা করেছিল। সেই পাঁয়তারা দেশের মানুষ ও নারায়ণগঞ্জের মানুষ ব্যর্থ করে দিয়েছে।