২৯ বছরেও চালু হয়নি সেতু, সংযোগ সড়কের অভাবে ভোগান্তিতে মানুষ
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও এলাকায় প্রায় তিন দশক আগে নির্মিত একটি সেতু এখনো মানুষের কোনো কাজে আসছে না। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় নির্মাণের প্রায় ২৯ বছর পরও এটি ব্যবহার করা যাচ্ছে না। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দারা জানান, একটি ছোট ছড়ার ওপর নির্মিত সেতুটি চালু হলে আশপাশের অন্তত চারটি ইউনিয়নের ৮ থেকে ১০টি গ্রামের মানুষের যাতায়াত সহজ হতো। শিক্ষা, চিকিৎসা ও জরুরি প্রয়োজনে কম সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হতো। কিন্তু সেতুর দুই পাশে মাটি ভরাট ও সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
সরেজমিনে দেখা যায়, সেতুটিতে ওঠার জন্য কোনো স্থায়ী সংযোগপথ নেই। স্থানীয় লোকজনকে বাঁশের সাঁকোসহ অস্থায়ী ও ঝুঁকিপূর্ণ ব্যবস্থার মাধ্যমে পারাপার হতে হচ্ছে। এ কারণে দৈনন্দিন যাতায়াতে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়দের ভাষ্য, সেতুটি ব্যবহার করা গেলে এলাকার মানুষের সময় ও যাতায়াতের খরচ কমত। বর্তমানে বিকল্প পথে যেতে অনেককে তিন থেকে চার কিলোমিটার ঘুরতে হয়।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি অর্থ ব্যয়ে সেতুটি নির্মাণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংযোগ সড়ক নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে দীর্ঘদিন ধরে সেতুটি অব্যবহৃত পড়ে আছে।
কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. সাঈফুল আজম বলেন, সেতুটির বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। দুই পাশে মাটি না থাকায় এটি বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।