কালই ভারতে আসছে ৫টি রাফাল ফাইটার জেট

কালই ভারতে  আসছে ৫টি রাফাল ফাইটার জেট

ছবিঃ রাফাল ফাইটার জেট

আকাশপথে ফ্রান্স থেকে প্রায় ৭ হাজার কিলোমিটার উড়ে আগামীকালই ভারতে আসছে বহু প্রতীক্ষিত রাফাল ফাইটার জেট। প্রথম দফায় আসছে মোট পাঁচটি যুদ্ধবিমান। পাঁচটির মধ্যে দুটি বিমান টুইন সিটার। বাকিগুলো ওয়ান সিটার ফাইটার জেট।

ফ্রান্স থেকে সোমবার রওনা হওয়া ওই পাঁচ রাফাল যুদ্ধবিমান সংযুক্ত আরব আমিরাতের আল দারিফা এয়ারবেসে বিরতি নেবে। এরপর আগামীকাল সেখান থেকে ভারতে আসবে। দেশে আসার পর দ্রুত রাফালকে ‘ওয়ার রেডি’ করে তোলার সব আয়োজনও সম্পূর্ণ। তারপরই মোতায়েন করা হতে পারে লাদাখের ফরওয়ার্ড এয়ার বেসে। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, বছরে মোট ১২টি করে রাফাল ডেলিভারির লক্ষ্যমাত্রা নিয়েছে প্রস্তুতকারী সংস্থা ডাসো। ফ্রান্সের এই সংস্থা ভারতকে মোট ৩৬টি রাফাল প্রদান করবে। ২০২২ সালের মধ্যে ডেলিভারি সম্পূর্ণ হবে।

ভারতীয় বিমানবাহিনীর ১২ জন পাইলট রাফাল চালনার জন্য বেশ কিছুদিন ধরেই ফ্রান্সের বিমানবাহিনীর কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। ভারতীয় বিমানবাহিনী সূত্রে জানা যাচ্ছে, রাফালের ককপিটে ৩৬টি সুইচ রয়েছে। প্রতিটি সু‌ই঩চের চার রকম পৃথক মুভমেন্ট প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে হোটাস। এই জটিল ফ্লাইট পরিচালনার জন্যই বিশেষ এক ঝাঁক পাইলটকে প্রস্তুত করা হচ্ছে। রাফালের সঙ্গেই থাকছে দুটি মাল্টি রোল ট্যাঙ্কার ট্র্যান্সপোর্ট এয়ারক্র্যাফট। এই দুটি এয়ারক্র্যাফট রিফুয়েলিং করবে। সব মিলিয়ে যাত্রাপথ ১০ ঘন্টার। যদিও একমাত্র রাফাল বলেই এত কম সময়ে এতটা পথ অতিক্রম করতে পারছে। কারণ সাধারণত এরকম উড়ানে একঝাঁক স্টপেজ তথা ল্যান্ডিং পয়েন্ট থাকে। এক্ষেত্রে কোভিড ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অন্য কোনও স্থানে আর তা ল্যান্ড করবে না। এই ওয়ান স্টপ জার্নির কারণেই দুটি রিফুয়েল এয়ারক্র্যাফট সঙ্গে থাকছে।

আগামীকাল আম্বালা এয়ারবেসে পাঁচটি রাফাল যোগ দেবে ১৭ তম গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনে। পরবর্তী পর্যায়ের রাফাল যাবে পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেসে। ইতিমধ্যেই রাফালের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য মিসাইল সিস্টেম মেটিওর এসে গিয়েছে আম্বালায়। অন্য একটি মিসাইল আসছে রাফালের সঙ্গেই। সেটির নাম স্কাল্প। যার রেঞ্জ ৬০০ কিলোমিটার। স্কাল্প ও মেটিওরের পাশাপাশি আগামীদিনে আসছে হ্যামার মিসাইলও। সব মিলিয়ে মাত্র কয়েক বছরের মধ্যেই ভারতের বিমানবাহিনী ও তার মিসাইল সিস্টেম প্রভূত শক্তিশালী হয়ে যাচ্ছে। শিগগিরই রাশিয়া থেকে আসবে এস ৪০০ মিসাইল সিস্টেমও। সর্বোপরি রাফালে থাকবে মিসাইলের পাশাপাশি আর এক ভয়াবহ অস্ত্র। ইসরাইলের স্পাইস টু থাউজ্যান্ড প্রিসিশন বম্ব।

সূত্র : বর্তমান