দেশের জন্য আইপিএল ছাড়লেন বাটলার

দেশের জন্য আইপিএল ছাড়লেন বাটলার

ছবি: সংগৃহীত

বর্তমানে বিশ্বের যে কোনো ক্রিকেটারের জন্য বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর আইপিএলে খেলা রীতিমতো সবচেয়ে বড় স্বপ্ন। আকর্ষণীয় এই লিগে খেললে আসে কড়ি কড়ি টাকা যা জাতীয় দলে পাওয়া সম্ভব না। তাইতো অনেক খেলোয়াড় জাতীয় দলের খেলা থাকলেও আইপিএল ছাড়তে চান না। তবে আইপিএলের খেলা থাকলেও দেশকে গুরুত্ব দেন অনেকে। এমন একজন হলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জস বাটলার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজে অংশ নিতে দেশে ফিরে গেছেন এই ইংলিশ ব্যাটার। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট দিয়ে বাটলারের চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে রাজস্থান। ভিডিওর ক্যাপশনে তারা লিখেছে, 'আমরা আপনাকে মিস করব জস ভাই!'

আগামী ২২ মে থেকে ঘরের মাটিতে শুরু হবে ইংল্যান্ডের পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের দল দেওয়ার সময়ই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বলেছিল যে, বিশ্বকাপের প্রস্তুতির জন্য পাকিস্তান সিরিজের আগেই ইংলিশ ক্রিকেটারদেরকে আইপিএল থেকে আগেভাগে ফিরতে হবে। বাটলার সেই প্রক্রিয়াই অনুসরণ করেছেন।

এবারের আসরে বাটলারের শেষ ম্যাচ ছিল চেন্নার সুপার কিংসের বিপক্ষে। চেনা ছন্দে সেদিন দেখা যায়নি এই মারকুটে ব্যাটারকে। ২৫ বলে করেন মাত্র ২১ রান। তার দলও যায় হেরে। লিগ পর্যায়ে দুই ম্যাচ বাকি থাকতেও প্লে-অফ নিশ্চিত না হওয়া রাজস্থানের জন্য বাটলারকে হারানো নিশ্চিতভাবেই বড় এক ধাক্কা। চলতি আসরে ১১ ইনিংসে ১৪০.৭৮ স্ট্রাইক রেটে প্রায় ৪০ গড়ে ইংল্যান্ড অধিনায়ক করেন ৩৫৯ রান।