এমপি আনার হত্যা তদন্তে এবার নেপাল যাচ্ছে ডিবির টিম
ফাইল ছবি
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম। এ টিমে নেতৃত্বে দেবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
এছাড়াও আরও দুজন থাকবেন। তারা আজ শনিবার সকাল ১০ টায় ফ্লাইটে নেপালের উদ্দেশ্যে শাহজালাল বিমানবন্দর হয়ে রওনা হবেন।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে ডিবির একটি সূত্র।
সূত্রটি জানায়, ভারত গিয়ে ডিবির টিম বেশ ভালো ফল পেয়েছে। সেই কারণে তারা এবার নেপাল যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুলত আনার হত্যাকাণ্ডে অন্যতম পরিকল্পনাকারী আকতারুজ্জামান শাহীন বলে যাবে দাবি করা হচ্ছে তার বিষয়ে নেপালে তথ্য সংগ্রহ করবে ডিবির এই টিম। তারা সেখানে দেশটির ইমিগ্রেশন বিভাগের সাথে কথা বলবেন। শাহীন আসলে নেপাল হয়ে দুবাই গিয়েছিল কিনা তা তারা জানার চেষ্টা করবেন।
সূত্রটি আরও জানায়, আজ সকাল ১০ টার ফ্লাইটে ডিবির হারুনসহ আরও দুজন এই টিমে রওনা হবেন। তবে তার আগে হারুন সকাল নয়টায় গণমাধ্যমে কথা বলবেন।
এর আগে গত ২৬ মে কলকাতায় যায় ডিবির টিম। তারা সেখানে বাগজোলা খালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান চষে বেড়িয়েছেন শুধুমাত্র তদন্তের তথ্য পেতে। তবে আনারের লাশ কোন নদী বা পুকুরে ফেলা হয়েছে কিনা তাও তারা যাচাই করেছেন। তবে ডিবির ওয়াটার থিওরী নাকি বেশ কাজে লেগেছে বলে দাবি করেছেন হারুন। তার মতে,বাংলাদেশে গ্রেফতারকৃত এক আসামী তাকে ওয়াটারের ধারনা দিয়েছিল। সেই ধারণা থেকেই তারা কলকাতার সিআইডিকে ফ্লাটের সেফটিক ট্যাংক ফ্লাশ করতে বলেছিল। ফলে চুলসহ কিছু মাংসের টুকরো মিলেছে। যেগুলা আনারের হতে পারে বরে ধারণা করছে ডিবির হারুন ও তার টিমের সদস্যরা।
গত ১৩ মে কলকাতায় গিয়ে নিখোঁজ হন এমপি আনার। পরে ২০ মে তার মৃত্যুর সংবাদ প্রচার করে ভারতীয় গণমাধ্যমগুলো। পরে এ ঘটনায় ভারতে তিনজন ও বাংলাদেশে তিনজনকে গ্রেফতার করে উভয় দেশের পুলিশ। এরপর শেরেবাংলানগর থানায় একটি অপরহণ মামলা করেন তার মেয়ে। অন্যদিকে কলকাতার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার সূত্র ধরেই এখনো দুই দেশের গোয়েন্দারা তদন্ত করছেন। যদিও আনারের লাশ উদ্ধার হবে কিনা তা নিয়ে কেউ কিছু বলছে না।