দেশে ফিরলেন জনপ্রিয় উপস্থাপিকা মুনমুন

দেশে ফিরলেন জনপ্রিয় উপস্থাপিকা মুনমুন

একসময়ের জনপ্রিয় উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন // ছবিঃ সংগৃহীত।

একসময়ের জনপ্রিয় উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন এখন কানাডা প্রবাসী। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। কানাডায় কী করছেন, উপস্থাপনা বা অভিনয়ে আবার ফিরবেন কি-না, দর্শকের এমন কৌতূহলী কিছু প্রশ্নের উত্তর দিতে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অতিথি হয়েছেন এই তারকা। এর মাধ্যমে ১৭০০ দিন পর ক্যামেরার সামনে দেখা যাবে তাকে।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টে রুমানা মালিক মুনমুন জানিয়েছেন, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৬’ প্রতিযোগিতা চলাকালীন আজমেরী হক বাঁধন তার রুমমেট ছিলেন। মুনমুন সেভাবে মেকআপ করতে জানতেন না, বাঁধনই তাকে সহায়তা করতেন।

মুনমুন উল্লেখ করেছেন, কিছুদিন আগে জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধন অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ দেখে মুগ্ধ হয়েছেন তিনি। তার ভাষ্য, ‘আমি অভিনয়ে অত ভালো নই। সেজন্য অভিনয়টা চালিয়ে যাইনি।’

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৬’ প্রতিযোগিতা শেষে হুমায়ূন আহমেদের রচনা অবলম্বনে তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয় করেন মুনমুন। সিনেমাটির অনেক না বলা গল্প পডকাস্টে শেয়ার করেছেন তিনি।

শনিবার (৪ জুলাই) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে একযোগে প্রচার হবে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।