বিশ্বকাপের আগে ক্রিকেটকে বিদায় বললেন ভারতীয় তারকা
ছবি: সংগৃহীত
এ বছরের আইপিএলে আরসিবি এলিমিনেটরে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতেই অবসর নিয়েছিলেন দিনেশ কার্তিক। আরসিবিতে তার সতীর্থরা গার্ড অব অনার দেন। বিরাট থেকে সিরাজরা তাকে ভালোবাসায় ভরিয়ে দেন। এ বার অবসর অফিসিয়াল ঘোষণা করে দিলেন ডিকে।
৩৯ বছর বয়সী কার্তিক আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ ভিডিও বার্তা ও চিঠির মাধ্যমে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। ১৯ বছর ৮ মাস ২৭ দিনব্যাপী ক্রিকেট জীবনের সমাপ্তি টেনেছেন এই ভারতীয় ক্রিকেটার।
তিনি লেখেন, ‘গত কয়েক দিনে সকলের থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তাতে আমি অভিভূত। যাঁরা এত ভালোবাসা দিয়েছেন এবং আমাদের সমর্থন করেছেন তাঁদের অনেক ধন্যবাদ।’
ভাবনাচিন্তা করেই ডিকে নিজের জন্মদিনে অবসর ঘোষণা করেছেন। তাঁর কথায়, ‘বেশ কয়েক দিন ধরে অনেক ভাবনাচিন্তা করেছি। তাতে মনে হয়েছে, এ বার ক্রিকেটকে বিদায় জানানোর সময় এসেছে। আজ আমি অফিসিয়ালি অবসর ঘোষণা করছি। আমার খেলার দিনগুলো ফেলে এ বার নতুন চ্যালেঞ্জের পথে এগিয়ে যাব।’
এদিকে বিসিসিআই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ দিনেশ কার্তিকের বর্ণাঢ্য কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়েছে।
এবারের আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ছিল কার্তিকের শেষ টুর্নামেন্ট। আইপিএলে ২৫৭ ম্যাচ খেলে ৪৮৪২ রান করেছেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। দেশের হয়ে খেলেছেন ২৬ টেস্ট, ৯৪ ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি ম্যাচ।
বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য ‘ফিনিশার’ ডাকনামে পরিচিত কার্তিক। তিনি দীর্ঘদিন ভারতীয় দলের হয়ে একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। অবসরের পর কী করবেন সে বিষয়ে এখনও কিছু জানাননি কার্তিক। তবে ধারণা করা হচ্ছে, ক্রিকেটের সাথেই যুক্ত থেকেই যাবেন তিনি।