সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতের মুখোমুখি বাংলাদেশ

সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতের মুখোমুখি বাংলাদেশ

সংগৃহীত

ক্রিকেটে বাংলাদেশ-ভারত লড়াই মানেই এখন অন্যরকম উত্তেজনা। আর সেই লড়াইটা যদি হয় বিশ্বকাপের মতো ইভেন্টে, তবে তো কথাই নেই! টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার দেখা হয়েছে এই দুই দলের। যেখানে চারবারই জিতেছে ম্যান ইন ব্লুরা। এবার আরও একটি বাংলাদেশ-ভারত লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা। আগামীকাল সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। 

যেখানে সুপার এইটের প্রথম ম্যাচে আফগানদের হারিয়ে ফুরফুরে মেজাজে রোহিতরা। অন্যদিকে প্রথম ম্যাচে অজিদের কাছে হেরে সুপার এইট শুরু হয়েছে বাংলাদেশের। শক্তির পার্থক্য, র‌্যাঙ্কিংয়ে অবস্থান, সঙ্গে ইতিহাস-ঐতিহ্যকে বিবেচনায় নিলে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবধান পাহাড়সম। তবে গত কয়েক বছরের মুখোমুখি লড়াইয়ে দৃষ্টি ফেরালে অন্যরকম এক চিত্রই ফুটে ওঠে। 

যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে লড়াইয়ের দিক দিয়ে ভালো অবস্থায় রয়েছে ভারত। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে ছন্দে নেই বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। কিন্তু সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে হারা ম্যাচে রানের দেখা পেয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। ফলে দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ঘুড়ে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী লাল-সবুজের প্রতিনিধিরা।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ। এ ম্যাচের আগে অধিনায়ক শান্ত বলেন, টপ অর্ডারের রান পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিলো। আশা করি বোলাররা, তাদের ফর্ম ধরে রাখবে।

আইসিসির ছোট ফরম্যাটে ভারতের বিপক্ষে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে মাত্র একটি জিতেছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার দেখা হয়েছে দুই দলের। সব ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া। আজকের ম্যাচে ভারতকে হারাতে না পারলে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জিতলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে ভারত।