ট্যাঙ্ক নিয়ে পালিয়ে রাশিয়ার নাগরিকত্ব পেলেন ইউক্রেন সেনা
ছবি: সংগৃহীত
ইউক্রেনের সেনাবাহিনীর সদস্য সাবেক এক ট্যাঙ্ক চালক পালিয়ে গিয়ে রাশিয়ার নাগরিকত্ব পেলেন। ম্যাক্সিম লিখাচেভ নামের ওই ট্যাঙ্ক চালক ইউক্রেনের একটি টি-৬৪ ট্যাঙ্ক ছিনতাই করে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছিলেন। খবর তাসের।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করে জানান দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) এক আইনপ্রণেতা। তিনি জানান, ম্যাক্সিম লিখাচেভ একটি রাশিয়ার পাসপোর্ট পেয়েছেন এবং তিনি বর্তমানে একজন রুশ নাগরিক।
ম্যাক্সিম লিখাচেভ মে মাসের শেষের দিকে একটি টি-৬৪ ট্যাঙ্ক ছিনতাই করে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে ছিলেন। তিনি লুহানস্ক পিপলস রিপাবলিকের একটি শহর ক্রাসনোডনে জন্মগ্রহণ করেছিলেন।
এদিকে, রাশিয়া সম্প্রতি ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় পশ্চিমারা আরো অত্যাধুনিক সমারাস্ত্র দিয়ে পাশে দাড়িয়েছে ইউক্রেনের।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ২ জুলাই ঘোষণা করেছে, তারা ইউক্রেনের জন্য নতুন করে ২৩০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পাঠাতে যাচ্ছে।
আমেরিকা সফরত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমারভের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দেন, আমি গর্বিত যে, শিগগিরি আমেরিকা ২৩০ কোটি ডলারের বেশি অর্থের নিরাপত্তা সহায়তা দেবে ইউক্রেনকে।
অস্টিন বলেন, এই প্যাকেজের আওতায় আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাংক বিধ্বংসী অস্ত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হবে।