১৮তম বিজেএসে দ্বিতীয় হলেন সাবা ইমা

১৮তম বিজেএসে দ্বিতীয় হলেন সাবা ইমা

সাবা ইমা

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন সাবা ইমা। স্নাতকে ইউনিভার্সিটি অব লন্ডনে (ভূঁইয়া একাডেমি পরিচালিত) আইন পড়েছেন তিনি। বুধবার (২৩) ১৮ তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার এই ফল প্রকাশিত হয়।

নিজের সাফল্য ফেসবুকে জানিয়েছেন সাবা ইমা। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েছি (র‍্যাংক: ২য়)। মহান আল্লাহ তায়ালার কাছে অগণিত শুকরিয়া।

তিনি আরও লেখেন, ‘ইউনিভার্সিটি অব লন্ডনে এলএলবি পড়ার সময় বাংলাদেশের আইনের কোনো একটি ধারাও পড়ার সুযোগ হয়নি। একটি সম্মানজনক জীবিকার আশায় ২০২৪ সাল থেকে নিজের চেষ্টায় নতুন করে বাংলাদেশের ৩০টির বেশি আইন পড়া শুরু করি। শূন্য থেকে শুরু করে বাংলাদেশি আইনের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে বিজেএসের এই যাত্রা আমার জীবনের একটি স্মরণীয় অর্জন হয়ে থাকবে।’

সাবা ইমা রাজউক উত্তরা মডেল কলেজের ২০১৯ সালের শিক্ষার্থী। এর আগে তিনি দ্য মিলেনিয়াম স্কুল এবং দ্য মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজে পড়েছেন। পরে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি সম্পন্ন করেন।

দীর্ঘ প্রস্তুতির পর ৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে মেধাক্রম ১৭ নিয়ে সুপারিশপ্রাপ্ত হন সাবা। এটি ছিল তার প্রথম বিসিএস এবং জীবনের প্রথম চাকরির পরীক্ষা। এরপর এবারের ১৮তম বিজেএসের চূড়ান্ত ফলাফলে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি।

প্রসঙ্গত, আজ সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ১৮তম বিজেএস পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ২০০ জন।