তেলের দাম বৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ
ফাইল ছবি
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে কারণ শোকজ করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে সাজ্জাদ হোসেন হৃদয়ের বিরুদ্ধে। এ কারণে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে।
এর আগে, রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ব্যক্তিগত ফেসবুকে অ্যাকাউন্ট সাজ্জাদ হোসেন হৃদয় লেখেন, “ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।”
একই পোস্টের কমেন্ট বক্সে তিনি যুক্ত করেন, “যদিও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোতেও জ্বালানি মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি। মার্চ থেকে সারা বিশ্বে তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার জনগণের কথা চিন্তা করে দাম কম রাখার ফলে মার্চ টু আগস্ট পর্যন্ত ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়। আশা করি আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা আসার মাধ্যমে দেশেও দাম কমে আসবে।”
এ বিষয়ে সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “আমি সংগঠনের কাছে অনুগত। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে আমি কারণ দর্শানো নোটিশের ব্যাখ্যা দেব।”