কচুয়ায় ৫ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
সংগৃহীত
চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে অভিযান চালিয়ে মূল্যতালিকা না থাকা, পচা-বাসি খাবার সংরক্ষণ, খাবারে ক্ষতিকর রং ও রাসায়নিক ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য ও ওষুধ সংরক্ষণের অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।
অভিযানে মূল্যতালিকা না থাকা, পচা-বাসি খাবার সংরক্ষণ এবং খাবারে ক্ষতিকর রং ও রাসায়নিক ব্যবহারের অভিযোগে ইসলামীয়া বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে প্রধানীয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার এবং একই অভিযোগে নিউ মিতালী ফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে বন্ধু মেডিসিনকে ১০ হাজার টাকা এবং মূল্যতালিকা না থাকায় রাজ হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে পরিশোধ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
অভিযানকালে পচা-বাসি খাবার, ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়। এ ছাড়া বাজারের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে কচুয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আহসান উল্লাহ তালুকদার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহায়তা করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।