ভিনিসিয়ুসদের জন্য বিশেষ ব্যবস্থা ভারতের
ছবি: সংগৃহীত
প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৩ অক্টোবর যুবভারতীতে ভিনিসিয়ুস জুনিয়ররা প্রীতি ম্যাচে স্বাগতিক দলের মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে সেলেসাওদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থা।
জানা গিয়েছে, ব্রাজিলের ফুটবলারদের বিশেষ চার্টার্ড বিমানে কলকাতায় উড়িয়ে আনা হবে। ভারতে খেলতে আসার আগে অস্ট্রেলিয়া সফরে যাবে ব্রাজিল। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি প্রীতি ম্যাচ খেলবেন ভিনিসিয়ুসরা। সেখান থেকে সরাসরি ১ অক্টোবর কলকাতায় নামবে দল।
১১ ঘণ্টার বিমানযাত্রার ধকল যাতে ফুটবলারদের ওপর না পড়ে তার জন্যই চার্টার্ড বিমানের বন্দোবস্ত করা হয়েছে। এই বিষয়ে সর্বভারতীয় ফুটবল সংস্থা ও ব্রাজিল ফুটবল সংস্থার মধ্যে কথাবার্তা চলছে। জানা গিয়েছে, সব মিলিয়ে ৯০ জন থাকছেন ব্রাজিল দলের সঙ্গে।
সেলেসাও ফুটবল জানিয়েছে, ফুটবলার, কোচ কার্লো আনচেলোত্তি ও ব্রাজিল ফুটবল সংস্থার সভাপতিসহ মোট ৩০ জনের জন্য বিজনেস ক্লাস আসনের ব্যবস্থা করতে হবে।
‘টাইমস অফ ইন্ডিয়া’-কে ভারতীয় ফুটবল সংস্থার এক কর্মকর্তা বলেছেন, “ব্রাজিল বিশ্বফুটবলের সবচেয়ে সফল দল। বিশ্বের সেরা ফুটবলারেরা আসছেন। তাই তাদের জন্য বিশেষ ব্যবস্থা তো করতেই হবে।” তিনি আরও বলেন, “চার্টার্ড বিমানে বিজনেস ক্লাস আসনে আসবেন ফুটবলারেরা। কলকাতায় নামার দু’দিন পরেই খেলা। ১১ ঘণ্টা বিমানযাত্রার পরেও যাতে কোনও ধকল না থাকে তার জন্যই এই ব্যবস্থা।”
জানা গিয়েছে, বিমানবন্দরে নামার পর ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ের জন্যও অপেক্ষা করতে হবে না ব্রাজিলের ফুটবলারদের। বিমানেই সব প্রক্রিয়া শেষ করা হবে। অর্থাৎ, বিমানবন্দরে নেমে সরাসরি হোটেলে চলে যাবেন ফুটবলাররা।