প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

ছবি: সংগৃহীত

তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত। জীবনের ৭৫-এ এসেও এখনো নিয়মিত সিনেমা করছেন, মাতাচ্ছেন বক্স অফিসও। ২০২৩ সালে উপহার দিয়েছিলেন ব্লকবাস্টার ‘জেলার’। এবার আসছে সেটার সিক্যুয়েল। যেখানে অনেক তারকার সম্মিলন ঘটছে।

‘জেলার ২’-তে নতুন চমক বিদ্যা বালান। গতকাল আনুষ্ঠানিকভাবে বিদ্যার চরিত্রটি সামনে আনা হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবার এক সিনেমায় অভিনয় করলেন রজনীকান্ত ও বিদ্যা বালান। দর্শকের মনে তাই দুই ইন্ডাস্ট্রির দুই তারকাকে দেখার আগ্রহ চরমে।

গতকাল প্রকাশিত টিজারে দেখা গেল, ‘জেলার ২’-তে কান্তা চরিত্রে দেখা যাবে বিদ্যাকে। নীল শাড়ি পরে হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে কান্তা। অতঃপর দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে দেয় সংলাপ। সঙ্গে বিড়িতে ফুঁক। এ দৃশ্যটুকু দেখেই দর্শকের উচ্ছ্বাসের অন্ত নেই।

কেউ বলছেন, ‘ছোট চুল, ব্যাকলেস ব্লাউজ, বুকে ট্যাটু—বিদ্যা বালান যেন সিনেমার মানদণ্ডটাই আরও উঁচুতে নিয়ে গেলেন।’ আবার কারো মতে, ‘বিদ্যা বালানের উপস্থিতি সিনেমাটিকে আরও ভালো করে তুলবে। এখন তো অবশ্যই সিনেমাটি দেখতে হবে!’

আরেক দর্শকের মন্তব্য, “প্রতিভার সোনার খনি বিদ্যা বালানকে দেখা যাবে থালাইভা রজনীকান্তের ‘জেলার ২’-এর কান্থা চরিত্রে। দুর্দান্ত পারফরম্যান্স আসছে।”

নেলসন দিলীপকুমার নির্মিত ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত ও বিদ্যা বালান ছাড়াও থাকছেন রাম্য কৃষ্ণান, যোগী বাবু, মিঠুন চক্রবর্তী, এস জে সুরিয়াসহ অনেকে। এছাড়া অতিথি চরিত্রে দেখা যেতে পারে মোহনলাল, শিব রাজকুমার, হৃতিক রোশন, বিজয় সেথুপতি প্রমুখ।