গাইবান্ধায় ‘শিক্ষার্থীদের চোখে আমার স্বপ্ন’ র্শীষক মতবিনিময়
ছবি: সংগৃহীত
গাইবান্ধায় ‘শিক্ষার্থীদের চোখে আমার স্বপ্ন’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আগে শিক্ষার্থীদের চোখে আমার স্বপ্ন শীর্ষক প্রতিযোগিতায় স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রেবেকা হাবিব বালিকা উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম শাহজালাল সুলতান মিল্লাতের সভাপতিত্বে সভায় আলোচনা করেন পরিবেশ আন্দোলন জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জনউদ্যোগ জেলার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, শিক্ষক অঞ্জলী রানী দেবী, সাংস্কৃতিক কর্মী শিরিন আকতার, সমাজকর্মী গোলাম রব্বানী মুসা প্রমুখ।
বক্তরা বলেন, সৃজনশীলতার বিকাশের মাধ্যমে গতানুগতিক মুখস্থ বিদ্যা বাদ দিয়ে তাদের ভেতরের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতাকে বের করে আনতে হবে। সহযোগিতাপূর্ণ পরিবেশ, প্রতিযোগিতার ইঁদুর দৌড় বাদ দিয়ে একে অপরকে সাহায্য করার মানসিকতা তৈরি করতে হবে। নিজের পায়ে দাঁড়ানো শিক্ষার্থীরা যেন আত্মবিশ্বাসী হয় এবং নিজের স্বাধীন চিন্তায় সমস্যার সমাধান করতে পারে। এই স্বপ্ন বাস্তবায়নের উপায় হলো শিক্ষকের বন্ধুসুলভ আচরণ, শিক্ষকরা হবেন পথপ্রদর্শক ও বন্ধু, যাদের কাছে শিক্ষার্থীরা বিনা দ্বিধায় নিজেদের মনের কথা বলতে পারে। বাস্তবমুখী জ্ঞান, বইয়ের পাতার বাইরে বাস্তব জীবনের সাথে মিল রেখে শিক্ষা প্রদান করা।
বক্তারা আরও বলেন, ভুল করা মানেই হেরে যাওয়া নয়, ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগানো। শিক্ষার্থীদের চোখে চোখ রেখে যে স্বপ্ন আমরা দেখি, তা মূলত একটি সুন্দর ভবিষ্যতের প্রতিচ্ছবি। তাদের সততা, মেধা আর পরিশ্রমের হাত ধরেই একদিন আমাদের এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে।