গাইবান্ধায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
প্রতিকি ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে চার মিনিটের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আনিছুর রহমান (৪২) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্।
এর আগে রবিবার দিবাগত রাতে সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। মামলায় বিস্ফোরক দ্রব্য প্রস্তুত, ককটেল বিস্ফোরণ ও তা দখলে রাখাসহ অন্তর্ঘাতী কর্মকা-ের অভিযোগ আনা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার আনিছুর রহমান উপজেলার শান্তিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মৃত আবর উদ্দিন ব্যাপারীর ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২০ সেপ্টেম্বর) ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার গোপালচরণ এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। ভোর ৪টা ২৬ মিনিটে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা’র বাড়ির সামনে প্রথম বিস্ফোরণ হয়। এর দুই মিনিট পর ৪টা ২৮ মিনিটে গোপালচরণ উচ্চবিদ্যালয়ের সামনে দ্বিতীয় এবং ৪টা ৩০ মিনিটে বিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তায় তৃতীয় বিস্ফোরণ ঘটে।
স্থানীয়দের দাবি, বিস্ফোরণের সময় 'জয় বাংলা' স্লোগান দেওয়া হয়। পরপর তিনটি বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কেউ হতাহত হননি।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আনিছুর রহমান নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, আজ সোমবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্তে তদন্ত চলছে।