ডাকাতির প্রস্তুতি মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘নুরা পাগলা’ গ্রেপ্তার
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাতে উপজেলার বারদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নুর মোহাম্মদ বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকার মৃত অদুদ বেপারীর ছেলে। তিনি বারদী ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি মামলায় নুর মোহাম্মদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, নুর মোহাম্মদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এলাকায় বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানির অভিযোগও রয়েছে বলে তাঁদের দাবি। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের কাছ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নুর মোহাম্মদ আগে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি কৃষকদলের রাজনীতিতে যুক্ত হয়ে বারদী ইউনিয়ন কৃষকদলের সহসভাপতির দায়িত্ব পান।
নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপু বলেন, নুর মোহাম্মদকে একটি পুরোনো ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলার বিষয়ে তিনি জানেন না।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ডাকাতির প্রস্তুতি মামলায় নুর মোহাম্মদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।