চা-বাগান জনগোষ্ঠীর ওয়াশ সুবিধা উন্নয়নে সিটি ব্যাংক-অক্সফামের চুক্তি
সংগৃহীত
চা-বাগান এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বা ওয়াশ সুবিধা উন্নয়নে একসঙ্গে কাজ করবে সিটি ব্যাংক ও অক্সফাম ইন বাংলাদেশ। এই উদ্যোগে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নারী ও কিশোরীদের নিরাপত্তা, স্বাস্থ্য ও মর্যাদা নিশ্চিত করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং অক্সফাম ইন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর অনীল পান্ত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা কাজী আজিজুর রহমান এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শাহরিয়ার জামিল খান উপস্থিত ছিলেন।
এ ছাড়া অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজর মাহমুদা সুলতানা এবং হেড অব ফাইন্যান্স, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স হালিমা আক্তার মিতুসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাসরুর আরেফিন বলেন, নিরাপদ পানি ও স্যানিটেশনের সুযোগ মানুষের স্বাস্থ্য ও মর্যাদার জন্য অপরিহার্য। এই অংশীদারত্ব সিটি ব্যাংকের সিএসআর কার্যক্রমের দুটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার নারী ও পরিবেশকে একত্র করেছে। এর মাধ্যমে আমরা এমন বাস্তবসম্মত ও জলবায়ু-সহনশীল সমাধান দিতে চাই, যা চা-বাগান জনগোষ্ঠীর জীবনে অর্থবহ পরিবর্তন আনবে।
অনিল পান্ত বলেন, বাংলাদেশের চা-শিল্পে নারী চা-শ্রমিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেক চা-বাগান জনগোষ্ঠী এখনো নিরাপদ পানি ও স্যানিটেশনের দীর্ঘস্থায়ী সংকটে রয়েছে, যা ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকির কারণে আরো প্রকট হচ্ছে। এই অংশীদারত্ব কেবল অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মর্যাদা, অধিকার ও সহনশীলতা নিশ্চিত করার একটি বিশেষ উদ্যোগ। সিটি ব্যাংকের সঙ্গে আমরা এমন জলবায়ু-সহনশীল ও জনগোষ্ঠীর নেতৃত্বাধীন ‘ওয়াশ’ সমাধান বাস্তবায়ন করতে চাই, যা তাদের দৈনন্দিন জীবনমান উন্নত করবে এবং দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন ধরে রাখতে সক্ষম হবে।
এই অংশীদারত্ব সিটি ব্যাংকের সামগ্রিক সিএসআর অগ্রাধিকারের সঙ্গে জেন্ডার ন্যায়বিচার, জলবায়ু-সহনশীলতা ও জনগোষ্ঠীর নেতৃত্বাধীন উন্নয়নে অক্সফামের অভিজ্ঞতাকে একত্র করেছে। এর মাধ্যমে চা-বাগান জনগোষ্ঠীর জন্য স্থানীয়ভাবে পরিচালিত ও টেকসই সমাধান বাস্তবায়নে সহায়তা করা হবে।