শর্ত শিথিলে সিনোবাংলার স্বতন্ত্র পরিচালক নিয়োগ অনুমোদন

শর্ত শিথিলে সিনোবাংলার স্বতন্ত্র পরিচালক নিয়োগ অনুমোদন

ফাইল ছবি

শেয়ারবাজারে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক নিয়োগের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শিক্ষাগত যোগ্যতা-সংক্রান্ত শর্ত শিথিল করে কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আদেবা আখতারকে কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিতে অনুমোদন দিয়েছে বিএসইসি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিএসইসি সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮-এর কন্ডিশন ১(৩)(ডি)-তে স্বতন্ত্র পরিচালকের শিক্ষাগত যোগ্যতা-সংক্রান্ত যে শর্ত রয়েছে, তা শিথিল করে আদেবা আখতারকে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগে সম্মতি দেওয়া হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে বিএসইসির ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশন।

বিএসইসির করপোরেট গভর্ন্যান্স কোড অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণের বিধান রয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে কমিশনের বিবেচনায় নির্দিষ্ট শর্ত শিথিল করার সুযোগ রয়েছে। সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে সেই ক্ষমতা প্রয়োগ করেই আদেবা আখতারকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগে সম্মতি দেওয়া হয়েছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে অন্তত একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা আরো এক বছর বাড়িয়েছে বিএসইসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।