ফেসবুক-টিকটকে পরিচয়, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার

ফেসবুক-টিকটকে পরিচয়, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার

প্রতিকি ছবি

 

ফেসবুক, টিকটকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে ঢাকা থেকে কুমিল্লার বুড়িচংয়ে কথিত প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।  

ধর্ষণের পর চিৎকার শুরু করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের ৯৯৯-এ ফোনের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে।

বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মীরপুর ও ময়নামতি এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নামতি ইউনিয়নের মীরপুর গ্রামের আজগর আলীর ছেলে রাজীব আহমেদ (২১) একটি কাপড়ের দোকানের কর্মচারী। ঢাকার গুলশানের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ওই কিশোরীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটকের মাধ্যমে পরিচয় হয়।

একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের সূত্র ধরেই শুক্রবার ঢাকা থেকে কুমিল্লায় আসে কিশোরীটি। রাত আনুমানিক ৯টার দিকে রাজীব তাকে রিসিভ করে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব পাশে একটি নির্জন স্থানে নিয়ে যায়। রাত গভীর হওয়ার পর তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

একপর্যায়ে কিশোরী চিৎকার করলে অভিযুক্ত রাজীব পালিয়ে যায়।

পুলিশকে অভিযুক্ত রাজীব আহমেদের ছবি দেখিয়ে তাকে শনাক্ত করেন কিশোরী। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানো হয়েছে।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়–য়া বলেন, ৯৯৯-এ খবর পেয়ে শুক্রবার রাত ২টার পর ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। তাকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরীটি ঢাকার গুলশানের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। তার বাবা-মা নেই এবং তার বাড়ি নরসিংদী এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।