পাকিস্তানে ক্রিকেট খেলে ফেরার পথে বন্দুকধারীদের গুলিতে ৩ ক্রিকেটার নিহত

পাকিস্তানে ক্রিকেট খেলে ফেরার পথে বন্দুকধারীদের গুলিতে ৩ ক্রিকেটার নিহত

ছবিঃ সংগৃহিত।

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়ার লাকি মারওয়াত এলাকায় ক্রিকেট ম্যাচ খেলে ফেরার পথে বন্দুকধারীদের গুলিতে তিন ক্রিকেটার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। রোববার এক প্রতিবেদনে এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে দেশটির স্থানীয় পুলিশ।

পুলিশ জানায়, শাহ হাসান খেল এলাকায় আয়োজিত একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ শেষ করে লোডার রিকশায় করে আব্দুল খেল গ্রামে নিজেদের বাড়ি ফিরছিলেন খেলোয়াড়রা। পথিমধ্যে আব্দুল খেল এলাকার কাছাকাছি সশস্ত্র দুর্বৃত্তরা তাদের রিকশার পথরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়।

ঘটনাস্থলেই ওমর, সিদ্দিক ও আলিয়ান নামে তিন ক্রিকেটারের মৃত্যু হয়। গুলিতে আসিফউল্লাহ, ইমদাদউল্লাহ ও এজাজ নামে আরও তিনজন গুরুতর আহত হন। নিহত ও আহতদের অধিকাংশই স্থানীয় ক্রিকেটার এবং পিস কমিটির (শান্তি কমিটি) সদস্য বলে জানিয়েছে পুলিশ।

হামলার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই স্থানীয় যুবকরা পাল্টা গুলি চালালে দুর্বৃত্তদের একজন নিহত হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে ওই হামলাকারীর পরিচয় ও মৃত্যুর খবরটি স্বাধীনভাবে এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং হামলাকারীদের ধরতে চিরুনি অভিযান শুরু করে। আহতদের চিকিৎসার জন্য এবং নিহতদের লাশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের মুখপাত্র ওয়ালি খান হতাহতদের স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখওয়ার বান্নু ও লাকি মারওয়াত অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম ও নিরাপত্তা সংকট আশঙ্কাজনকভাবে বেড়েছে। পিস কমিটির সদস্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনায় সীমান্তবর্তী এই এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।