আটঘরিয়ায় ঘর থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
পাবনার আটঘরিয়ায় নিজ ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় চাম্পা খাতুন (২২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মালয়েশিয়াপ্রবাসী আসলাম হোসেনের স্ত্রী।
রবিবার দুপুরে উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের ধারণা, চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার সকালে আসলাম হোসেনের বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তাদের সন্দেহ হয়। পরে ঘরে গিয়ে চাম্পা খাতুনের মরদেহ ঝুলতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে আটঘরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য আমির উদ্দিন জানান, পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানতে পেরেছেন, চাম্পা খাতুন বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন আগে ঘরের দরজা বন্ধ করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।