অ্যাপেক্স ফুটওয়্যার ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে
ফাইল ছবি
রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেক্স ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ। বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়নের জন্য এই অর্থ সংগ্রহ করবে তারা। তবে, শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন পেলে প্রেফারেন্স শেয়ার ছাড়বে কোম্পানিটি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়নের উদ্দেশ্যেই এই প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। অর্থাৎ নতুন করে তহবিল সংগ্রহ করে কোম্পানির বর্তমান ঋণের অর্থায়ন কাঠামো পুনর্বিন্যাস করা হবে। কোম্পানিটি স্মারক ও সংঘবিধি সংশোধনের সিদ্ধান্তও নিয়েছে পরিচালনা পর্ষদ। তবে, এ সিদ্ধান্ত কার্যকর করতে শেয়ারহোল্ডারদের অনুমোদন লাগবে।
এদিকে, কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ১৫ শতাংশ স্টক এবং ১৫ শতাংশ ক্যাশ লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭ টাকা ৯১ পয়সা। কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ অক্টোবর নির্ধারন করা হয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ নভেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।