লৌহজংয়ে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

লৌহজংয়ে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

ফাইল ছবি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কনকসার বাজার ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় এসআরবি-১০-এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি দল। এ সময় সন্দেহজনক একটি পিকআপে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মহজমপুর এলাকার শংকর রাজবংশী (৪০), অন্তিপ চন্দ্র দাস (২০), দিপ্ত দাস (১৯) ও বাজুরবাগ এলাকার মো. গোলাম হোসেন (৩৮)।

এসআরবি-১০ জানায়, গ্রেফতার ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।