সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৭৭ লাখ টাকা ক্ষতিপূরণ
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১৭ জনের পরিবারের মাঝে ৭৭ লাখ টাকার ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এসব চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ।
জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১৪ জন নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা করে, দুজন গুরুতর আহত ব্যক্তিকে তিন লাখ টাকা করে এবং একজনকে এক লাখ টাকার ক্ষতিপূরণের চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ, জেলা বিআরটিএর সহকারী পরিচালক মো. ফারুক আলমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্ষতিপূরণ পাওয়া আবু সাত্তার জানান, প্রায় সাড়ে সাত মাস আগে মোটরসাইকেলে করে জেলা সদর থেকে নবীনগরে যাওয়ার পথে নবীনগর-রাধিকা সড়কে ট্রাক্টরের সঙ্গে তার দুর্ঘটনা ঘটে। এতে তার ডান পা ভেঙে যায়। দীর্ঘদিন ধরে চিকিৎসা নেওয়ার পর তিনি বিআরটিএতে আবেদন করেন। কোনো ধরনের হয়রানি ছাড়াই তিন লাখ টাকার চেক পেয়েছেন বলে জানান তিনি।
নিহত খাইরুলের বাবা ছাদেক মিয়া বলেন, সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলে মারা যায়। পরে ক্ষতিপূরণের জন্য আবেদন করে পাঁচ লাখ টাকা পেয়েছেন। ছেলে হারানোর শোক পূরণ হওয়ার নয়, তবে সরকারের দেওয়া এই অর্থ পরিবারের কাজে আসবে বলে জানান তিনি।
জেলা বিআরটিএর সহকারী পরিচালক মো. ফারুক আলম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিরা ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারেন। আবেদন পাওয়ার পর যাচাই-বাছাই শেষে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের অনুমোদনক্রমে ক্ষতিপূরণের অর্থ দেওয়া হয়।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের মাধ্যমে এবার ১৭টি চেকে ৭৭ লাখ টাকা দেওয়া হয়েছে। হাইওয়ে ও বিভিন্ন থানাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ে আবেদন ফরম দেওয়া আছে। দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তিদের ক্ষতিপূরণের জন্য বিআরটিএতে আবেদন করতে তিনি সবাইকে আহ্বান জানান। আবেদন যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে কোনো দালাল বা প্রতারক চক্রের মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার সুযোগ নেই।