উখিয়ায় মাছের ক্যারেট থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার
সংগৃহীত ছবি
জেলের ছদ্মবেশে মাছের ক্যারেট মাথায় নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির চ্যালেঞ্জের মুখে পালিয়ে গেছে এক চোরাকারবারি। পরে ফেলে যাওয়া মাছের ক্যারেট তল্লাশি করে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি। বিজিবি অধিনায়ক জানান, ২৮ সেপ্টেম্বর সকালে নিয়মিত টহলের সময় উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে আনুমানিক ৫০০ মিটার উত্তর দিকে, বিওপি থেকে প্রায় ১ দশমিক ২ কিলোমিটার দক্ষিণে এবং শূন্যলাইন থেকে প্রায় ৩০০ গজ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী মেজরের ঘের এলাকায় এক ব্যক্তিকে দেখতে পায়। জেলের ছদ্মবেশে ওই ব্যক্তি মাথায় মাছের ক্যারেট নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন।
তিনি জানান, টহল দল তাকে চ্যালেঞ্জ করলে তিনি মাথায় থাকা মাছের ক্যারেটটি মেজরের ঘেরের কাছে ফেলে পাশের গ্রামের দিকে দ্রুত পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ক্যারেটটি তল্লাশি করে এর ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ২০টি কাট দেখতে পান। এসব কাটের মধ্যে আনুমানিক দুই লাখ পিস ইয়াবা পাওয়া যায়। ঘটনাস্থলে বিস্তারিত তল্লাশি চালানো হলেও ইয়াবা ছাড়া আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।