গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ
সংগৃহীত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের ব্যাচ-২৬২ (ফল-২০২৬)-এর নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের প্রধান ড. হাবীব মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম শহীদুল্লাহ। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ঢাকা মেইল ডটকমের নির্বাহী সম্পাদক হারুন জামিল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. অলিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, “শিক্ষার্থীদের বাস্তব শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া জরুরি। বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষার্থীদের শুধু মুখস্থ বিদ্যা বা সনাতন ডিগ্রির ওপর নির্ভর না করে বাস্তবমুখী দক্ষতা, সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটাতে হবে।”
তিনি আরো বলেন,“শিক্ষার্থীদের ক্যাম্পাস মিডিয়ার কার্যক্রমে অংশ নিতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আরো দক্ষ এবং প্রফেশনাল করে তুলতে পারবে। এটি একাডেমিক পড়াশোনার পাশাপাশি বাস্তবমুখী কাজের অভিজ্ঞতা অর্জনের একটি চমৎকার মাধ্যম।”
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাংবাদিকতা বিভাগের প্রভাষক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ বায়েজীদ খান, প্রভাষক জান্নাতুল ফেরদৌস মীম, নাজমুন্নাহার উর্মি ও ফারজানা ইয়াসমীন রিতা।
অনুষ্ঠানে জেএমসি ল্যাব কো-অর্ডিনেটর কাজী মাহাদী মুনতাসির একটি ডকুমেন্টারি প্রদর্শন করেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সময় টেলিভিশনের প্রতিবেদক নাইম হাসান, জেএমসি মিডিয়া ক্লাবের সভাপতি ও বিদায়ী মেন্টর ইমু আক্তার মিম এবং নতুন মেন্টর বরকতুল্লাহ।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সৈকত আকন্দ ও নাদিয়া আক্তার। অনুষ্ঠানের একপর্যায়ে সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের ২৬০-ব্যাচের শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।