তারেক রহমানের ভারত সফর নিয়ে ফের কূটনৈতিক তৎপরতা শুরু: টাইমস অব ইন্ডিয়া
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় সফর আয়োজনের জন্য নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ ও ভারত। সংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে এই সফরের তারিখ চূড়ান্ত করার চেষ্টা করছে উভয় পক্ষ।
নভেম্বর সফরের এই প্রক্রিয়াটি আরও বেগবান হতে পারে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়ামের দায়িত্ব গ্রহণের পর। তিনি আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে কিংবা নভেম্বরের প্রথমভাগে নয়াদিল্লিতে পৌঁছাতে পারেন বলে আশা করা হচ্ছে।
তবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি এ ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়টি সুরাহা করাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান তারেক রহমান এবং এর জবাবে মোদিও তাকে ধন্যবাদ বার্তা পাঠান। দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে এই বার্তা আদান-প্রদান সফরটি দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা তৈরি করেছে।
এদিকে গত ১৭ই সেপ্টেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল হঠাৎ ঢাকা সফর করেছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে ওই গোপনীয় সফরের খবরটি নিয়ে এখন পর্যন্ত ঢাকা কিংবা নতুন দিল্লি; কোনো পক্ষের তরফ থেকেই কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা অস্বীকারসূচক বার্তা দেওয়া হয়নি।