যৌথ গবেষণা ও সহযোগিতা বাড়ানোর আলোচনা
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, বৃত্তি এবং দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সুযোগ তৈরি করা হচ্ছে। জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বৃত্তি কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে বিদেশি ভাষা শিক্ষা, ব্যবহারিক ও দক্ষতাভিত্তিক শিক্ষার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে জার্মানির অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে জার্মান রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানের প্রশংসা করেন। তিনি জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ, বৃত্তি এবং দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন।
শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশিক্ষণকে শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপরও গুরুত্ব দেন রুডিগার লোটজ।
তিনি বলেন, জার্মানিতে দক্ষ জনশক্তির প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের জন্য উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে জার্মানি কাজ করছে।
বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে জার্মানির শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জার্মানির সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।