ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি, ১৭ লাখ টাকার ওষুধসহ গ্রেপ্তার ৪

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি, ১৭ লাখ টাকার ওষুধসহ গ্রেপ্তার ৪

ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় একটি ফার্মেসির ১৭ লাখ টাকার ওষুধ চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন।

তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর গভীর রাতে চুরির ঘটনাটি ঘটে। পরে ভুক্তভোগী কল্যাণ চন্দ্র দেবনাথ ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ করলে মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার দিনাজপুরের দশমাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরে মধ্যে রাজু মিয়া (৩২), জাহাঙ্গীর হোসেন (৬০) ও বিল্লাল হোসেন (৫৫) চুরির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন জানায়, চুরি করা ওষুধ তারা শিখর চন্দ্র সরকার (৩০) নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে। শিখর চন্দ্র সরকারও গ্রেপ্তার করা হয়েছে। 

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, চুরির ঘটনায় আরও কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।