কলারোয়ায় পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু

কলারোয়ায় পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো সিংহলাল গ্রামের আব্দুল বারিকের ছেলে মুহাম্মদ ইকবাল হোসেনের কন্যা জান্নাতুল (৩) ও পুত্র সানজাদুল (২)। বয়সের ব্যবধান মাত্র এক বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় দুই শিশু পানিতে পড়ে যায়। পরে তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা মুহাম্মদ ইকবাল হোসেন ও পরিবারের সদস্যরা। মায়ের বুকফাটা কান্না আর স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা জানান, এমন মর্মান্তিক ঘটনায় পুরো সিংহলাল গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে।