সুন্দরগঞ্জে অবৈধভাবে মজুত ৪৭ বস্তা সার জব্দ, জরিমানা

সুন্দরগঞ্জে অবৈধভাবে মজুত ৪৭ বস্তা সার জব্দ, জরিমানা

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে মজুত করে রাখা ৪৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বাড়ির মালিকের ছেলে সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম আসিফ হাসান উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শামছুল হকের ছেলে সুজন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে মজুত করে রাখা ২০ বস্তা ডিএপি, ২০ বস্তা টিএসপি ও ৭ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। এসব সার মজুতের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দ করা সার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়। বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার অবৈধভাবে মজুত, কৃত্রিম সংকট তৈরি কিংবা বেশি দামে বিক্রির চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।