অনলাইন জুয়ায় নিঃস্ব, ঋণের চাপে যুবকের আত্মহত্যা
প্রতিকি ছবি
অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণগ্রস্ত হওয়ার পর ঢাকার কেরানীগঞ্জে পাপ্পু বর্মন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মালোপাড়া এলাকার নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পাপ্পু বর্মন ওই গ্রামের শংকর বর্মনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন পাপ্পু। জুয়ার টাকা জোগাড় করতে একাধিকবার বাড়ি থেকে টাকা নিয়েছেন। এ ছাড়াও স্থানীয় বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও ধারদেনা করেছেন। জুয়ার নেশা থেকে বের হতে না পেরে ক্রমেই ঋণের বোঝা বাড়তে থাকে তাঁর। ঋণের চাপ ও আর্থিক সংকটের কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা জানান, অনলাইন জুয়ার কারণে পাপ্পু আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, এ ধরনের জুয়ার বিস্তার রোধ করা না গেলে আরও অনেক তরুণের জীবন ও পরিবার বিপর্যস্ত হতে পারে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। নিহত যুবক অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।