৯ দিন পর খুলল ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়াম মার্কেটের দোকান
ছবি: সংগৃহীত
টানা ৯ দিন বন্ধ থাকার পর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের পর ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম মার্কেটের ৩৭টি দোকান খুলে দিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে দোকানগুলোর তালা খুলে পুনরায় ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন তারা।
এর আগে, গত ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসনের পক্ষ থেকে মার্কেটের ৩৭টি দোকান বন্ধ করে দেওয়া হয়। ব্যবসায়ীদের অভিযোগ, দোকান বন্ধের আগে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। এর প্রতিবাদে তারা মার্কেটের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।
দোকান মালিকদের করা রিটের শুনানি শেষে ২৯ সেপ্টেম্বর হাইকোর্ট ২৪ আগস্টের দোকানের মাসিক ভাড়া ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করার আদেশ, ১৪ সেপ্টেম্বরের অতিরিক্ত ২ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধের নির্দেশ এবং ১৮ সেপ্টেম্বর দোকানে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেন আদালত। আদালতের এ আদেশের পর বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীরা ৩৭টি দোকানের তালা খুলে দেন। ফলে ৯ দিন পর আবারও মার্কেটের দোকানগুলোতে ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, আদালতের আদেশের কপি পেয়েছি। বিষয়টি আমরা আপিল করব। পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।