ফটিকছড়িতে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

ফটিকছড়িতে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে পৃথক দুটি মন্দিরে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া বিভিন্ন মালামাল, নগদ টাকা ও চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর ভোরে ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের সার্বজনীন শ্রী শ্রী শিব ও মগধেশ্বরী মন্দিরে চুরি হয়। এরপর ৩০ সেপ্টেম্বর রাতে লেলাং ইউনিয়নের শ্রী শ্রী মা মঙ্গল চণ্ডী মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফটিকছড়ি থানায় পৃথক মামলা করা হয়।

পুলিশ আরও জানায়, মামলা হওয়ার পর তদন্তে নেমে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অনুসন্ধানের মাধ্যমে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে বুধবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, কুমিল্লার দাউদকান্দির কালাকুনা এলাকার মো. ইউসুফ (৩২), ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকার মো. হাশেম (৪২), ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার মো. সাহাব উদ্দিন (৪১) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবার চন্দ্রপুর এলাকার রুহুল আমিন (২৯)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের কাছ থেকে তিনটি পিতলের ঘট, দুটি পঞ্চবটি প্রদীপ, দুটি ত্রিশূল, একটি পিতলের ঘণ্টা, ছয়টি পিতলের সরই, স্টিলের ছয়টি প্লেট, দুটি চামচ, একটি বড় পিতলের ঘট, দুটি পিতলের কোষা, একটি বদনা, একটি কাঁসার গামলা, একটি গ্লাস, ছয়টি পিতলের ছোট থালা, একটি আরতি, একটি দুর্গামূর্তি ও চারটি পিতলের বাটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া প্রণামি বাক্সের ১ হাজার ২০০ টাকা ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, চারজনকে গ্রেফতারের পর তাদের কাছ থেকে মন্দিরে চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। তবে এখনো স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ফটিকছড়িতে সম্প্রতি ঘটে যাওয়া অন্যান্য চুরির ঘটনাও খতিয়ে দেখছে পুলিশ।