জাতীয় বেতন স্কেল: জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মাউশি
ফাইল ছবি
জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মাউশির এইচআরএম ইউনিট থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং এ ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে iBAS++-এর অর্গানোগ্রাম সাব মডিউল-এর ডাটাবেজে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য এন্ট্রির কাজ চলছে।
জাতীয় বেতন স্কেল ২০২৬-এর বেতন নির্ধারণী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাউশি ও এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য অর্গানোগ্রাম সাব মডিউল-এ এন্ট্রি করা প্রয়োজন বলে জানানো হয়েছে।
এ লক্ষ্যে এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলো অর্গানোগ্রাম সাব মডিউল-এ অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের তথ্যের সঙ্গে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা (পূর্বের ব্যয় নিয়ন্ত্রণ অধিশাখা) কর্তৃক পৃষ্ঠাংকনকৃত জিও সংযুক্ত করার কথা বলা হয়েছে।
তথ্য পাঠানোর জন্য একটি ছকও নির্ধারণ করে দিয়েছে মাউশি। এতে কার্যালয়ের নাম, পদবি (বাংলা ও ইংরেজি), ১৩ ডিজিট কোড, পদের মূল গ্রেড, পদভিত্তিক সংখ্যা এবং মন্তব্য উল্লেখ করতে হবে।
আগামী ৭ অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে বলা হয়েছে।
এ ছাড়া তথ্যের সফট কপি নিকোষ ফন্টে ওয়ার্ড ডকুমেন্টস আকারে ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইল ঠিকানা: dd.hrm.dshe@gmail.com।
মাউশির পরিচালক প্রফেসর মো. নাজমুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণা হলেও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা ছিল না।
বুধবার এক অনুষ্ঠানে উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক জানান, জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তির জন্য এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আলাদা প্রজ্ঞাপনের প্রয়োজন নেই।