রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ককে ওএসডি

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ককে ওএসডি

ছবি: সংগৃহীত

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বৃহস্পতিবার রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ওএসডি করার পর ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদকে নিজ দায়িত্বের পাশাপাশি রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্ব পালনের আদেশ দেওয়া হয়েছে।

ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের বিরুদ্ধে রাজবাড়ী সদর হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে। এছাড়া সম্প্রতি রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের সময় এক নারী অসুস্থ হয়ে পড়েন। পরে ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হলে এ নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

ওএসডি করার বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ আব্দুল হান্নানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।