শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৭ কোটি ৫৯ লাখ টাকা দিলো ইউনিলিভার
ছবি: সংগৃহীত
দেশের শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মোট ৭ কোটি ৫৯ লাখ ২৬ হাজার ৮৯৩ টাকা প্রদান করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল)। এর মধ্যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড প্রদান করেছে ৭ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৫২০ টাকা এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড দিয়েছে ৫১ লাখ ৬৮ হাজার ৩৭৩ টাকা।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপির কাছে পৃথক দুটি চেকের মাধ্যমে এই অর্থ হস্তান্তর করা হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চেক হস্তান্তর করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুহুল কুদ্দুস খান ও ইউনিলিভার বাংলাদেশের এইচআর ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রমিক ও তাদের পরিবারের চিকিৎসা, শিক্ষা এবং বিভিন্ন জরুরি প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কাজ করে আসছে। এই তহবিলে অবদানের মাধ্যমে দেশের শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক কার্যক্রমে নিজেদের অংশীদারত্ব অব্যাহত রেখেছে ইউবিএল ও ইউসিএল।
ইউনিলিভার বাংলাদেশ ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার কর্মক্ষেত্রে নিরাপত্তা, মর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।