ভারতে সমুদ্রে ডুবে ৮ কিশোরের করুণ মৃত্যু

ভারতে সমুদ্রে ডুবে ৮ কিশোরের করুণ মৃত্যু

ছবিঃ সংগৃহীত।

ভারতের মহারাষ্ট্রের রাইগড় জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিভেয়াগড় সৈকতে সমুদ্রের প্রবল স্রোতের তোড়ে ভেসে গিয়ে পুনের ১৬ বছর বয়সী আটজন কিশোর শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে।আনন্দভ্রমণে এসে সমুদ্রের পানির গভীরতা ও স্রোতের তীব্রতা সঠিকভাবে অনুমান করতে না পেরে তারা এ ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়।  

পুলিশ জানিয়েছে, নিখোঁজ হওয়া আট শিক্ষার্থীর দেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। তারা সবাই পুনে জেলার আলান্দির ‌‘উইনার্স একাডেমি’ নামের একটি বেসরকারি কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিল এবং তারা মূল দলটির সঙ্গে প্রায় ১৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে ঘুরতে এসেছিল।

পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, ২৫ জন ছেলে, ১৭ জন মেয়ে এবং ৬ জন শিক্ষক সহ মোট ৪৮ জনের একটি দল বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সমুদ্রসৈকতে পিকনিক করতে যায়। আনন্দ উদযাপনের একপর্যায়ে আটজন শিক্ষার্থী সাগরের পানিতে নেমে পড়ে। তবে পানির প্রকৃত গভীরতা ও স্রোতের গতি বুঝতে ভুল করায় মুহূর্তে তাদের পানির নিচে টেনে নিয়ে যায় উত্তাল ঢেউ।

ঘটনার পরপরই স্থানীয় ‘ভাউ মারুতি সালুংখে মহাকালী ওয়াটার স্পোর্টস’-এর মালিক ভাউ সালুংখে এবং তার সাহসী দল অবিলম্বে উদ্ধারে নেমে পড়েন।

নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ওয়াটার স্পোর্টস টিম সমুদ্র থেকে আটটি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

ভয়াবহ এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দিঘি সাগরি বোরলি পঞ্চতন পুলিশ স্টেশনের সহকারী পুলিশ পরিদর্শক (এপিআই) সন্তোষ অবতির নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় পুলিশ মরদেহগুলো নিজেদের হেফাজতে নেয় এবং ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে বোরলি পঞ্চতনের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (পিএইচসি) পাঠায়।

প্রশাসনের পক্ষ থেকে মৃত আট শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করা হয়েছে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তন্ময় দত্তাত্রেয় ওয়াহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোডে, কৈবল্য সতীশ ওয়াসানকার, রাজবীর যুবরাজ ওয়াহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্ডওয়ালকার এবং কৌস্তুভ সন্দীপ দৌন্ড।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন। মুখ্যমন্ত্রী জানান, নিহতদের মরদেহ দ্রুত আলান্দিতে তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে স্থানীয় প্রশাসন সার্বিক সমন্বয় রক্ষা করে কাজ করছে।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী গিরিশ মহাজন ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীলতার প্রতি জোর দিয়ে তিনি জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি অবহেলা করার জন্য উক্ত একাডেমিকে অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য সরকার শিগগিরই স্কুল ও শিক্ষাসফরের জন্য নতুন সুরক্ষা ও নিরাপত্তা নির্দেশিকা জারি করবে।