ডি ব্রুইনার জোড়া গোলে তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম

ডি ব্রুইনার জোড়া গোলে তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম

কেভিন ডি ব্রুইনা

ক্যারিয়ারের শেষবেলায় এসেও নিজের ঝলক দেখিয়ে চলেছেন কেভিন ডি ব্রুইনা। বয়স ৩৫ পেরোলেও তুরস্কের বিপক্ষে নিজের পায়ের জাদু আবাওর প্রমাণ করলেন বেলজিয়ামের এই তারকা। ঘরের মাঠে তার জোড়া গোল ও রোমেলু লুকাকুর গোলে তুরস্ককে ৩-০ ব্যবধানে হারিয়েছে বেলজিয়াম।

মরিস দ্যুফ্রাসনে স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে স্বাগতিকরা। মাত্র ১০ মিনিটেই বেলজিয়ামকে এগিয়ে দেন ডি ব্রুইনা। সতীর্থের সঙ্গে দারুণ সমন্বয়ের পর ডান দিক দিয়ে বক্সে ঢুকে তার ট্রেডমার্ক নিচু শটে তুরস্কের জালে বল পাঠান তিনি। এই গোলের মধ্য দিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেন বেলজিয়ান তারকা।

বিরতির পরও থামেননি ডি ব্রুইনা। ম্যাচের ৬০ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। একই সঙ্গে তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ২০১ দাঁড়ায়।

তুরস্কের ম্যাচে ফেরার সব আশাও শেষ করে দেন লুকাকু। ৭৬ মিনিটে বক্সের ভেতর থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের ৯৪তম গোল পূর্ণ করেন অভিজ্ঞ এই স্ট্রাইকার।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম। ডি ব্রুইনার জোড়া গোলের পাশাপাশি লুকাকুর মাইলফলক ছোঁয়া গোলেই দারুণ এক রাত কাটায় বেলজিয়ান ফুটবল।