সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ সরকার ডিবির জালে

সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ সরকার ডিবির জালে

সংগৃহীত ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃজেলা অনলাইন জুয়ার মূলহোতা ও ‘অনলাইন ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত সবুজ সরকারকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটকের পর তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার পর জেলহাজতে পাঠানো হয়েছে।

সবুজ সরকার উপজেলার আওনা ইউনিয়নের স্থলগ্রামের মো. চান মিয়া সরকারের বড় ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সরিষাবাড়ী উপজেলায় বেশ কয়েকটি অনলাইন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে বিশাল সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন সবুজ সরকার। এজেন্ট নিয়োগ ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে এলাকার বিপুলসংখ্যক যুবসমাজ ও শিক্ষার্থীকে তিনি অনলাইন জুয়ার জালে আসক্ত করে তোলেন। এতে অনেকেই নিঃস্ব হয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।

জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সবুজ সরকারের অবৈধ অনলাইন জুয়ার কারবারের বিষয়ে বেশ কিছুদিন ধরে নজরদারি চালানো হচ্ছিল। সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে তাকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল ডিভাইস, মোবাইল ও আলামত জব্দ করা হয়েছে।

সবুজ সরকারের আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।

স্থানীয় সচেতন মহল ডিবি পুলিশের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে।

এ ব্যাপারে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম তালুকদার জানান, আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ডিজিটাল নিরাপত্তা ও জুয়া আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাকে অনলাইন জুয়ামুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।