চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১৯টি ককটেল উদ্ধার করেছে। রবিবার দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ রঘুনাথপুর বিওপির টহলদল এ অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে মো. কালাম (৩০) নামে এক ব্যক্তির বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে রাখা একটি কালো বালতিতে ককটেল সদৃশ বস্তু দেখতে পায় টহলদল। তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা স্থানটি ঘিরে ফেলেন এবং শিবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে শিবগঞ্জ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়ে ১৯টি ককটেল  উদ্ধার করে। পরে ককটেলগুলো শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ৫৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় সর্বদা সতর্ক অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।