খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

সংগৃহীত

খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ ভৌগলিকভাবে দুর্যোগপ্রবণ অঞ্চলে অবস্থিত। এ কারণে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি থাকা আবশ্যক। দুর্যোগপূর্ব ও পরবর্তী ব্যবস্থাপনা কার্যকর রাখতে নিয়মিত মনিটরিং থাকা দরকার।

তিনি বলেন, আবহাওয়ার সতর্কতা সংকেতগুলোর ব্যাখ্যা সাধারণ মানুষদের জানাতে উদ্যোগ নিতে হবে। নিয়মিত মহড়ার মাধ্যমে সবাইকে সচেতন করতে পারলে দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে।

আশ্রয়কেন্দ্রগুলো সর্বদা প্রস্তুত রাখা এবং দুর্যোগকালে নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের নিরাপদ জায়গায় স্থানান্তরের প্রস্তুতি নিয়মিত যাচাই করাও প্রয়োজন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।