ঢাবির আন্তঃবিভাগ নীতি বিতর্কে চ্যাম্পিয়ন পিএসিএসডিসি
সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ইন্টার-ডিপার্টমেন্ট পলিসি ডিবেট কনক্লেভ ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন ডিবেটিং ক্লাব (পিএসিএসডিসি)। একই প্রতিযোগিতায় দলটির কে. এম. জুলকার নাঈন ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ এবং তাসমিয়া ফেরদৌস ‘থার্ড স্পিকার ব্রেক’ অর্জন করেছেন।
শনিবার (৩ অক্টোবর) শুরু হওয়া দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় ঢাবির ২৪টি বিতর্ক সংগঠন অংশ নেয়। ব্রিটিশ পার্লামেন্টারি ফরম্যাটে আয়োজিত প্রতিযোগিতার গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ‘টপ টিম ব্রেক’ নিশ্চিত করে পিএসিএসডিসি। পরে চার দলের গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নেয় দলটি।
ফাইনালে পিএসিএসডিসির প্রতিপক্ষ ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারাবিলিটি স্টাডিজ ডিবেটিং ক্লাব, অ্যারাবিক ডিবেটিং ক্লাব এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিবেটিং ক্লাব। চূড়ান্ত বিতর্ক শেষে বিজয়ী হিসেবে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন ডিবেটিং ক্লাবের নাম ঘোষণা করা হয়।
চ্যাম্পিয়ন দলের হয়ে বিতর্কে অংশ নেন বিভাগের শিক্ষার্থী তাসমিয়া ফেরদৌস ও কে. এম. জুলকার নাঈন। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও এগিয়ে থাকেন তারা। নাঈন নির্বাচিত হন টুর্নামেন্টের সেরা বিতার্কিক বা ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’। আর তাসমিয়া অর্জন করেন ‘থার্ড স্পিকার ব্রেক’।
প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয় রবিবার (৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের আরসি মজুমদার অডিটোরিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা আকন্দ বাবুল। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অর্থনীতি বিভাগের চেয়ারম্যান কে. এম. নাফিস ইফতেখার তোলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেলথ ইকোনমিক্স ডিবেটিং ক্লাবের সভাপতি রেদওয়ান উল্লাহ মহসিন।
ফাইনাল শেষে প্রধান অতিথি বিজয়ী দলের নাম ঘোষণা করেন। পরে বিজয়ী দলের হাতে ক্রেস্ট ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়।
এদিকে এ সাফল্যে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন ডিবেটিং ক্লাব ও বিভাগে উচ্ছ্বাস দেখা দিয়েছে। ক্লাবের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলের দুই সদস্যকে অভিনন্দন জানানো হয়েছে।