ফের ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, এক দিনেই বাড়ল ৩০৬০ কোটি ডলারের সম্পদ

ফের ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, এক দিনেই বাড়ল ৩০৬০ কোটি ডলারের সম্পদ

ছবিঃ সংগৃহীত।

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে আবারও মাইলফলক ছুঁয়েছেন ইলন মাস্ক।স্পেসএক্স ও টেসলার শেয়ারের মূল্য বৃদ্ধির ফলে সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের মূল্য এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলার ছাড়িয়ে যায়।

ফোর্বসের হিসাবে, এর আগে গত জুনে প্রথমবারের মতো ট্রিলিয়নিয়ারের মর্যাদা অর্জন করেছিলেন মাস্ক। তবে শেয়ারের দর কমে যাওয়ায় পরে সেই অবস্থান হারান তিনি।

ফোর্বসের তথ্য বলছে, সোমবার এক দিনেই মাস্কের সম্পদ বেড়েছে ৩০ দশমিক ৬ বিলিয়ন বা ৩ হাজার ৬০ কোটি ডলার। এতে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের সঙ্গে তার সম্পদের ব্যবধান আরও বেড়েছে। বর্তমানে বেজোসের সম্পদের মূল্য ৩৭১ দশমিক ৫ বিলিয়ন ডলার।

ইয়াহু ফিন্যান্সের তথ্য অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে স্পেসএক্সের শেয়ারের দাম ১৭ দশমিক ৬১ শতাংশ বেড়েছে।

একই সময়ে টেসলার শেয়ারের মূল্য বেড়েছে ৫ দশমিক ৯৫ শতাংশ।

সোমবার টেসলার শেয়ারের দর ১ শতাংশের বেশি বেড়ে ৩৭৮ ডলারে পৌঁছায়। একই দিনে স্পেসএক্সের শেয়ারের দাম ৭ শতাংশের বেশি বাড়ে এবং তা ১৭১ ডলারে ওঠে।

স্পেসএক্সের শেয়ারের মূল্য বৃদ্ধির পেছনে কোম্পানিটির মূল্যায়ন নিয়ে মর্গ্যান স্ট্যানলির ইতিবাচক পূর্বাভাস এবং গত সপ্তাহে স্টারশিপের সফলভাবে কক্ষপথে পৌঁছানোর বিষয়টি ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, তৃতীয় প্রান্তিকে টেসলার গাড়ি সরবরাহ বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির শেয়ারদরেও ইতিবাচক প্রভাব পড়ে।

এদিকে মাস্কের জীবন নিয়ে নির্মিত প্রায় চার ঘণ্টার তথ্যচিত্র ‘মাস্ক’ আগামী শুক্রবার নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অ্যালেক্স গিবনি পরিচালিত তথ্যচিত্রটির সমালোচনা করেছেন মাস্ক। একই সঙ্গে নির্মাতার বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকিও দিয়েছেন তিনি।