লালন তিরোধান দিবসের প্রস্তুতি নিয়ে কুষ্টিয়ায় মতবিনিময় সভা
সংগৃহীত
বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
লালন আখড়াবাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু ভক্তদের সমাগমকে কেন্দ্র করে নিরাপত্তা, আবাসনসহ সার্বিক প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা করা হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ ইয়াসমিন বেগম। সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন হাসান।
সভায় লালন সাঁইয়ের তিরোধান দিবসের অনুষ্ঠান সুষ্ঠু, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে দেশের বিভিন্নস্থান থেকে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে আসা সাধু-ভক্তদের নিরাপত্তা, থাকা খাওয়ার ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অনুষ্ঠানস্থলের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, লালনের তিরোধান দিবস শুধু কুষ্টিয়ার নয়, দেশের লোকসংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত একটি আয়োজন।
তাই দেশ-বিদেশ থেকে আসা সাধু, ভক্ত ও দর্শনার্থীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্থানীয় সাংবাদিক, সংস্কৃতিসেবী এবং লালন একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন।